প্রিন্ট এর তারিখঃ Jul 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 15, 2026 ইং
কুমারখালীর জয়নাবাদে অগ্নিসংযোগের ঘটনায় উত্তেজনা, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ কারিকরপাড়া গ্রামে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের সৃষ্টি হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। উভয় পক্ষই নিজেদের নিরাপত্তা ও ন্যায়বিচারের স্বার্থে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি গ্রামটিতে মাদক ব্যবসা, চুরি, ভয়ভীতি প্রদর্শন এবং সামাজিক অস্থিরতা নিয়ে দীর্ঘদিনের বিরোধ নতুন করে আলোচনায় আসে। এসব অভিযোগের প্রেক্ষিতে একদল গ্রামবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট গণপিটিশন দাখিল করেন। পিটিশনে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসা পরিচালনা, অপ্রাপ্তবয়স্কদের ব্যবহার করে মাদক সরবরাহ, জুয়ার আসর পরিচালনা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উত্থাপন করা হয়।
গ্রামবাসীদের দাবি, এসব কর্মকাণ্ডের কারণে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং যুবসমাজ বিপথগামী হওয়ার ঝুঁকিতে পড়ছে। অভিযোগকারীরা বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করলেই তাদের বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।
এরই মধ্যে গত ১৩ জুন বিকেলে গ্রামের বাসিন্দা মো. শহিদুল ইসলাম স্বপনের গরুর গোয়ালঘরের খড়ের পালায় অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। তিনি দাবি করেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজন সন্দেহভাজন ব্যক্তিকে গোয়ালঘরের দিক থেকে বের হয়ে যেতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মো. শহিদুল ইসলাম স্বপন বলেন, “আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।”
অন্যদিকে, অভিযুক্ত পক্ষ অভিযোগগুলো অস্বীকার করে নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
এলাকার একাধিক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন বিরোধ ও অভিযোগের কারণে গ্রামে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, প্রাপ্ত অভিযোগ ও গণপিটিশনের বিষয়গুলো গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহলের অভিমত, নিরপেক্ষ তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হলে শুধু এই বিরোধেরই সমাধান হবে না, বরং এলাকায় শান্তি-শৃঙ্খলা, সামাজিক সম্প্রীতি ও জননিরাপত্তা নিশ্চিত করতেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস কে টিভি বিডি